LATEST UPDATE

বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৬

সিটিসেল গ্রাহকদের অপারেটর বদলের পরামর্শ দিয়ে বিটিআরসির দুটি বিজ্ঞপ্তি স্থগিত করেছে হাই কোর্ট!

দেনার দায়ে বন্ধের কাছাকাছি চলে যাওয়া বেসরকারি মোবাইল ফোন অপারেটর  সিটিসেল।

সিটিসেলের করা এক রিট আবেদনের শুনানি করে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মো. আতাউর রহমান খানের বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দেয়।

আদালতে সিটিসেলের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, সঙ্গে ছিলেন ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান। বিটিআরসির পক্ষে ছিলেন খোন্দকার রেজা-ই রাকিব, সঙ্গে ছিলেন ব্যারিস্টার সৈয়দ মাহসিব হোসেন।
সিটিসেলের গ্রাহকদের অপরারেট পরিবর্তনের পরামর্শ দিয়ে গত ৩১ জুলাই ও ১৭ অগাস্ট ওই দুটি বিজ্ঞপ্তি প্রকাশ করে বিটিআরসি।
মোস্তাফিজুর রহমান খান বলেন, আদালত বিজ্ঞপ্তি দুটি স্থগিত করে রুল দিয়েছে। ওই দুই বিজ্ঞপ্তি কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা রুলে জানতে চাওয়া হয়েছে।
এই আইনজীবী বলেন, আদালতে তারা দুটি যুক্তি তুলে ধরেছেন।
“টেলিকমিউনিকেশন আইন অনুসারে বিটিআরসি এ ধরনের গণবিজ্ঞপ্তি দিতে পারে না। তাদের সে এখতিয়ার নেই। 
“আমরা রিটের ‍যুক্তিতে বলেছি, আমাদের লাইসেন্স এখনো আছে। লাইসেন্স নিয়ে কার্যক্রম চালানো একটি মোবাইল ফোন অপারেটরের গ্রাহকদের অপারেটর পরিবর্তনের কথা বলে তারা কীভাবে এ ধরনের বিজ্ঞপ্তি দিতে পারে?”
দেশের প্রথম মোবাইল ফোন অপারেটর সিটিসেলের গ্রাহক সংখ্যা কমতে কমতে এখন দুই লাখের চেয়ে কম। টু-জি তরঙ্গ ফি, বার্ষিক লাইসেন্স ফি, বার্ষিক তরঙ্গ ফি, রেভিনিউ শেয়ারিংসহ বিভিন্ন খাতে তাদের কাছে সরকারের পাওনা দাঁড়িয়েছে ৪৭৭ কোটি ৫১ লাখ টাকা।
নানাভাবে চেষ্টা করেও পাওনা আদায় করতে না পেরে গত ১৬ অগাস্ট সিটিসেলের লাইসেন্স বাতিলের ‘নীতিগত সিদ্ধান্ত’ নেয় ডাক ও টেলিযোগাযোগ বিভাগ।
তার আগে সিটিসেল গ্রাহকদের বিকল্প সেবা বা ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়ে পত্রিকায় ওই বিজ্ঞপ্তি প্রকাশ করে বিটিআরসি। এর বিরুদ্ধে সিটিসেল রিট আবেদন করায় বৃহস্পতিবার ওই বিজ্ঞপ্তি স্থগিতের আদেশ এল। 
সিটিসেলের তরঙ্গ কেন বাতিল করা হবে না- তা জানতে চেয়ে ১৭ অগাস্ট বিটিআরসির পক্ষ থেকে একটি নোটিস পাঠানো হয়। জবাব দেওয়ার জন্য দেওয়া হয় এক মাস সময়।
ওই নোটিস চ‌্যালেঞ্জ করে সিটিসেল হাই কোর্টে গেলে ওই নোটিসের মেয়াদ পর্যন্ত তাদের কার্যক্রম চালিয়ে যাওয়ার সুযোগ দেয় আদালত। 
বিটিআরসি হাই কোর্টের ওই নির্দেশনার বিরুদ্ধে আপিল বিভাগে গেলে সিটিসেলকে সরকারের বকেয়া শোধ করার শর্তে দুই মাস সময় দেওয়া হয়।

বরাবরের মতো এবারও রাজধানী ঢাকায় ঈদুল আজহার প্রধান জামাত হবে জাতীয় ঈদগাহ ময়দানে, সকাল ৮টায়।

ঈদের প্রধান জামাত সকাল ৮টায়

তবে আবহাওয়া প্রতিকূল থাকলে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে হবে বলে বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, জাতীয় ঈদগাহে ঈদের জামাতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের জ্যেষ্ঠ ইমাম মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান ইমামতি করবেন। বিকল্প ইমাম হিসেবে থাকবেন একই মসজিদের ইমাম মাওলানা মহিউদ্দিন কাসেম।
বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পাঁচটি ঈদ জামাত যথাক্রমে সকাল ৭টা, সকাল ৮টা, সকাল ৯টা, সকাল ১০টা এবং সকাল পৌনে ১১টায় হবে।
সুষ্ঠুভাবে ঈদুল আজহার নামায আদায় ও মুসল্লির সুবিধায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যাপ্ত পানি ও নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আগামী ১৩ সেপ্টেম্বর বাংলাদেশে কোরবানির ঈদ হবে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভের আশায় এই ঈদে পশু কোরবানি দেন মুসলিমরা।

'রক অন ২' এর টিজার প্রকাশিত!!

রক অন ২ এর টিজার প্রকাশিত হয়েছে।
ছবিটি  বন্ধুত্ব, প্রেম, সাফল্য, বিচ্ছেদ, পুনর্মিলন এবং তাদের মধ্যে সবকিছু নিয়ে রচিত হয়েছে নতুন কিছু।


যদিও ফারহান, অর্জুন রামপাল, পুরাব কোহলি ও প্রাচী দেশাই ছবিতে তাদের ভূমিকা পালন করবে, 

দেখার বিষয় এটা কি শ্রদ্ধা কাপুর আকর্ষণীয় করে টেবিলে আনতে পারে কি না!
চলচ্চিত্র নভেম্বর ১১ তারিখ বড় পর্দায় আঘাত হানবে বলে জানা গেছে.

দেখে নিন টিজার টি
 

আস্তে আস্তে বেরিয়ে আসছে প্রতিষ্ঠিত তারকাদের পর্দায় ভালো অবস্থানের জন্য অন্তরঙ্গ হওয়ার বিষয়টি!


কাস্টিং কাউচের সমস্যা নিয়ে মুখ খুলেছেন অনেকেই। আস্তে আস্তে বেরিয়ে আসছে প্রতিষ্ঠিত তারকাদের পর্দায় ভালো অবস্থানের জন্য পরিচালক বা সিনেমা সংশ্লিষ্ট প্রভাবশালী কারো সঙ্গে অন্তরঙ্গ হওয়ার বিষয়টিও। সেই তালিকায় এবার ভারতের কন্নড় সিনেমার এক নায়িকা।
সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা এম জৈন নামের ওই অভিনেত্রী জানিয়েছেন সেই দুঃসহ স্মৃতির কথা। পরিচালকের প্রস্তাবে রাজী না হওয়ায় পরপর তিনটি সিনেমার প্রস্তাব ফিরিয়ে দেওয়া হয়েছিল তাকে। প্রযোজক তার সঙ্গে ‘প্যাকেজ ডিল’-এ যেতে চেয়েছিলেন। সে কারণেই পর পর তিনটি ছবির অফার ছাড়তে হয়েছিল। এ নিয়েই এবার মুখ খুললেন অভিনেত্রী প্রিয়াঙ্কা।
'গোলি সোডা' ছবি দিয়ে লাইমলাইটে এসেছেন প্রিয়াঙ্কা। কিন্তু তার আগেও তার কাছে অফার এসেছিল। শুধু অভিনয় নয়, বরং তার কাছে 'সেক্সুয়াল ফেভার' চাওয়া হয়েছিল বলেই অভিযোগ এই অভিনেত্রীর।
প্রিয়াঙ্কার কথায়, কন্নড় ইন্ডাস্ট্রিতে আমি লিড রোলের অফার পেয়েছিলাম। কিন্তু তার জন্য ডিরেক্টর এবং প্রোডিউসারের সঙ্গে কম্প্রোমাইজ করতে হত। যৌন সম্পর্কের প্রস্তাব এসেছিল।
তিনি বলেন, আসলে অনেকে ভেবেছিল মুম্বাই থেকে এসেছে মেয়েটা। তাই সফট টার্গেট। কোনও রোল পাওয়ার জন্য যা খুশি তাই করতে পারে।
প্রিয়াঙ্কার ভাষায়, কিন্তু আমার কিছু নীতি আছে। যেটা আমি বাবা-মার কাছ থেকে শিখেছি। ফলে পর পর অফার ছেড়ে দিয়েছিলাম ভাল টিম পাওয়ার জন্য। আমি একা নই, অনেক মেয়েকেই কাজের জায়গায় এই সমস্যা ফেস করতে হয়।
তিনি জানিয়েছেন, ইন্ডাস্ট্রিতে যারা নতুন তাদের এই সমস্যায় পরতে হয়। একবার প্রতিষ্ঠিত হয়ে গেলে আর কেউ কম্প্রোমাইজ করতে বলবেন না। মাত্র ১৮ বছরেই অনেক কঠিন সময় পেরিয়েছেন জানিয়েছেন প্রিয়াঙ্কা বলেন, তবে কোনও ভাবেই আপোষে রাজি নন তিনি। -আনন্দবাজার পত্রিকা

মমতাজের 'লোকাল বাস' গানটির ভিডিও রীতিমতো ঝড় তুলেছে ইউটিউবে!


ইউটিউবে আপলোডের পর থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ওই গানের ভিডিও দেখা হয়েছে ৭ লাখ ৭৫ হাজারেরও বেশি বার।

নাচ, গল্প, নাটকীয়তা ও র‌্যাপের চমৎকার সমন্বয়- সবই আছে মাত্র ৭ মিনিট ১০ সেকেন্ডের ভিডিওতে। 

'লোকাল বাস' শিরোনামের গানটির ভিডিও গানচিলের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয় ২ সেপ্টেম্বর রাতে। এতে মমতাজের সঙ্গে কণ্ঠ দিয়েছেন প্রীতম।

ইউটিউবে প্রকাশের পরপরই গানটি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। বিশেষ করে ফেসবুকে শেয়ার হচ্ছে 'লোকাল বাস' এর ভিডিও।
 

ব্রাজিল ফরোয়ার্ড ডগলাস কস্তার বিশ্বাস ২০১৮ বিশ্বকাপ জয়ের সব সম্ভাবনাই তাঁর দেশের আছে


অলিম্পিক-সোনা বদলে দিয়েছে ব্রাজিলের মানসিকতা। বিশ্ব ক্রীড়ার সবচেয়ে বড় আসরে প্রথমবারের মতো ফুটবল-শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দিয়েছে হারানো আত্মবিশ্বাসটাও। দলটি এখন বিশ্বাস করা শুরু করেছে ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপ জিততে পারে তারা।
ব্রাজিল ফরোয়ার্ড ডগলাস কস্তার বিশ্বাস ২০১৮ বিশ্বকাপ জয়ের সব সম্ভাবনাই তাঁর দেশের আছে। নতুন কোচ তিতের অধীনে বিশ্বকাপ জিততেও পারে তারা।
দলে নেইমার, কুতিনহোদের মতো খেলোয়াড়েরাই এই বিশ্বাসে রসদ জোগাচ্ছে। জার্মান পত্রিকা আবেনজেইতাংকে কস্তা বলেন, ‘দলে নেইমার ও কুতিনহোদের মতো খেলোয়াড় আছে। আছে তিতের মতো কোচ। চ্যাম্পিয়ন হওয়ার মতো সবকিছুই আমাদের আছে। ব্রাজিলের হয়ে আমি ২০১৮ বিশ্বকাপ শিরোপার স্বাদ পেতেও পারি।’
ব্রাজিল সত্যিই গত কিছুদিন ধরে অসাধারণ খেলছে। তরুণ দলটার ওপর ভরসা রাখাই যায়। বিশ্বের করে অলিম্পিক আর ইকুয়েডর ধাঁধা যেভাবে মিলিয়ে দিল, এই ব্রাজিলের মানসিক শ​ক্তি বেশ ধারালো। কস্তাও বললেন, ‘আমরা নিজেদের ফিরে পেয়েছি।’
অলিম্পিকে অবশ্য চোটের কারণে খেলতে পারেননি কস্তা। যে কয়টি কারণে ব্রাজিল সত্যি সত্যি ২০১৮-তে কাঁপিয়ে দিতে পারে, তাঁর একটি কারণ হতে পারেন কস্তা নিজেই। যদিও বিশ্বকাপ এখন দূর হনুস্ত।

রোনালদিনহো অবশেষে আনুষ্ঠানিকভাবে বিদায় ঘোষণা করছেন!


রাজপুত্রের মতো এসেছিলেন। রাজার মুকুট পরেছিলেন। কিন্তু শেষটা হলো কী বিবর্ণ! গত কয়েক বছর ধরে কোনোমতে নিজের ক্যারিয়ারটা টেনেটুনে নিয়ে চলা রোনালদিনহো অবশেষে আনুষ্ঠানিকভাবে বিদায় ঘোষণা করছেন। বার্সেলোনার সাবেক এই জাদুকর এই মৌসুমের শেষে আর পেশাদার ফুটবলে খেলোয়াড় হিসেবে আর থাকবেন না। তবে নতুন ভূমিকায় শিগগিরই বার্সেলোনার হয়েই আবারও কাজ করতে দেখা যাবে তাঁকে।

উত্তর আমেরিকায় নিজেদের প্রচারণার কাজে রোনালদিনহোকে চাইছে বার্সা। এ খবর কদিন আগের। বিষয়টি পাকাপাকি হয়ে গেছে দেখেই হয়তো এবার ব্রাজিলের সাবেক এই তারকা নিজেও ক্যারিয়ারের ইতি টেনে দেওয়ার ঘোষণা দিলেন। তবে সেটি তাঁর সার্বক্ষণিক দায়িত্ব হবে না। রোনালদিনহো অখণ্ড অবসর পাবেন। সেটিও কাজে লাগাবেন জানালেন।

রোনালদিনহো বলেছেন, ‘আমি এখন বুড়ো হয়ে গেছি। ৩৬ বছর বয়স চলছে। এখন তো আর ২৬ বছর বয়সীদের মতো খেলতে পারি না। কীভাবে শেষটা টেনে দেওয়া যায় ভাবছি। আর এক বছরের মতো খেলার ইচ্ছা আছে।’

এরপর কী করবেন প্রশ্নে নিউ ইয়র্কে সাংবাদিকদের বলেছেন, ‘আমি সংগীত আর ফুটবলের দারুণ কিছু প্রকল্পে জড়িয়ে আছি। আপনারা তো জানেন, এই দুটিই আমার সব ভালোবাসা। করতে ভালো লাগে এমন নতুন যেকোনো কিছুই আমি করতে মুখিয়ে ছিলাম। দেখা যাক এ বছরে কী করতে পারি।’

বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০১৬

বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের সূচি


বাংলাদেশে আসন্ন ইংল্যান্ড সফরের সময় ঘনিয়ে আসছে। আর এরই মধ্যে ইংলিশ ক্রিকেটারদের নিজস্ব মতামত দেওয়ার জন্য আগামী শনিবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। সেই সঙ্গে যারা সফরে যাবে না তাদের সতর্ক করে ‍দিয়ে বোর্ডটির পরিচালক ও সাবেক অধিনায় অ্যান্ড্রু স্ট্রস জানান, ঝুঁকিতে পড়তে পারে তারা।
নিরাপত্তার শঙ্কা প্রকাশ করে ইংলিশদের ওয়ানডে অধিনায়ক ইয়ন মরগান ও ওপেনিং ব্যাটসম্যান অ্যালেক্স হেলস দোটানায় ভুগছেন। তবে সরাসরি সফর করার ব্যাপারে সম্মতি জানিয়েছেন অলরাউন্ডার মঈন আলী, উইকেটরক্ষক ব্যাটসম্যান জনি বেয়ারস্টো ও পেসার ক্রিস জর্ডান। এছাড়া টেস্টে নেতৃত্ব দেওয়ার জন্য নিজের প্রস্তুতির কথা জানিয়েছেন অ্যালিস্টার কুক। তবে ধারণা করা হচ্ছে মরগান যদি সফর না করে তবে তিনি রঙ্গিন পোশাকের নেতৃত্বও হারাতে পারেন।
এদিকে স্ট্রস দলে থাকা সব ক্রিকেটারকেই বাংলাদেশ সফরে চান। গত শুক্রবার ও শনিবার সেন্ট্রাল কন্ট্রাক্টের ব্যাপারে সব ক্রিকেটারের সঙ্গে দেখা করেন তিনি। যেখানে আগামী ১৬ সেপ্টেম্বর দলটির বাংলাদেশ ও ভারত সফরে টেস্ট এবং বাংলাদেশ সফরে ওয়ানডের দল ঘোষণা করা হবে।
এ প্রসঙ্গে স্ট্রস বলেন, ‘আমি এই পরিকল্পনায় ক্রিকেটারদের কোনো ধরনের চাপ দিতে চাই না। তবে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কেউ যদি সফর না করতে চায় তবে অন্য একজনের কপাল খুলে যাবে। এটা হচ্ছে এমন, কেউ যদি ইনজুরিতে পড়ে তাহলে তার জায়গায় অন্যজন খেলে। আর সে যদি ভালো খেলে ফেলে তবে আগের জনের দলে ফেরার ব্যাপারে কোনো নিশ্চয়তা নেই।’
এর আগে ২০০৮ সালে ইংল্যান্ডের ভারত সফরে মুম্বাই হামলা হলে দেশে ফেরত আসে ইংলিশরা। পরবর্তীতে সিরিজ সম্পন্ন করতে আবারও ভারতে যায় দলটি। সেই দলের ক্রিকেটার ছিলেন স্ট্রস। তাই তিনি সম্প্রতি মরগানের ব্যাপারেও সহানুভূতি দেখাচ্ছেন।
তিনি আরও বলেন, ‘আমি কি এই সফরে আমাদের দুই অধিনায়ককেই চাই? অবশ্যই, নিয়মিত অধিনায়কে আসলে দায়িত্ব বাড়ে। আমি আমাদের নিরাপত্তা প্রধান রেগ ডিকাসনের ওপর বিশ্বাসী। তাই আমি এখনও আশাবাদী দলের সব ক্রিকেটাররাই বাংলাদেশ সফর করবে। কারণ সেখানের নিরাপত্তা ব্যবস্থার ওপর আমাদের আস্থা রয়েছে।’
আগামী ৩০ সেপ্টেম্বর প্রায় এক মাসের সফরে বাংলাদেশে আসবে ইংল্যান্ড।
বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের সূচি:
প্রথম ওয়ানডে (৭ অক্টোবর) - মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম।
দ্বিতীয় ওয়ানডে (৯ অক্টোবর) – মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম।
তৃতীয় ওয়ানডে (১২ অক্টোবর) – চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম।
প্রথম টেস্ট (২০-২৪ অক্টোবর) - চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম।
দ্বিতীয় টেস্ট (২৮ অক্টোবর-১ নভেম্বর) – মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম।
সবগুলো ওয়ানডে ম্যাচ দুপুর ১টায় আর সকাল সাড়ে ৯টায় শুরু হবে টেস্ট।

ভারতে খুব শিগগির চালু হতে যাচ্ছে মুকেশ আম্বানির টেলিযোগাযোগ প্রতিষ্ঠান রিলায়েন্সের নতুন সেবা জিও!


নতুন এ সেবার মাধ্যমে নামমাত্র মূল্যে ব্যবহার করা যাবে উচ্চগতির ফোরজি ইন্টারনেট সংযোগ, যা নিয়ে এরই মধ্যে দেশটির অধিবাসীরা বেশ আনন্দিত।

রিলায়েন্সের জিও সেবার মাধ্যমে ভারতের প্রায় ৮০ ভাগ এলাকায় আগামী সোমবার নাগাদ ফোরজি প্রযুক্তির ইন্টারনেট সেবা আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে। জিও সেবাটি এ বছরের শেষ অবধি অনেকটা বিনা মূল্যেই ব্যবহার করা যাবে। যার জন্য মাসিক সার্ভিস ফি হিসেবে ১৪৯ রুপি দিতে হবে। তবে ধীরে ধীরে এ সেবা বিনা মূল্যে পাওয়া যাবে। 

বার্ষিক সাধারণ সভায় আম্বানি উদ্যোক্তাদের বলেন, ‘যা কিছু ডিজিটাল হতে পারে এমন সবকিছুই ডিজিটাল করা হবে।’
ভারতে মাত্র এক-পঞ্চমাংশ তরুণ ইন্টারনেট ব্যবহার করে। পাবলিক ওয়াই-ফাই এবং উচ্চ গতির ব্রডব্যান্ড সংযোগ পাওয়া যায় গ্রামাঞ্চলের চেয়ে শহুরে এলাকাতেই বেশি। তবে জিও সেবা চালু হলে শিগগিরই এমন অবস্থার পরিবর্তন হবে বলে আশাবাদী মুকেশ আম্বানি। তিনি আশা করছেন, সেবাটি কোটি মানুষের উন্নয়নে মাইলফলক সৃষ্টি করবে।

আম্বানি জানান, এরই মধ্যে ভারতজুড়ে প্রায় এক লাখ টেলিযোগাযোগ টাওয়ার নির্মাণের জন্য ২ হাজার কোটি ডলারের বেশি বিনিয়োগ করেছেন, ফলে জিও ইতিমধ্যে ১৮ হাজার শহর ও ২ লাখ গ্রামজুড়ে বিস্তার লাভ করেছে। ২০১৭-এর মার্চ নাগাদ ভারতের জনসংখ্যার ৯০ শতাংশ জিওর আওতায় চলে আসবে।

১৫ বছর আগে শুরু হওয়া মুকেশ আম্বানির টেলিযোগাযোগ ব্যবসা এ বিনিয়োগের পর অনেকটা ঝুঁকির কারণ হলেও ভারতে রিলায়েন্স এর জিও সেবার ভবিষ্যৎ নিয়ে অনেকটাই আশাবাদী ভারতের এই সবচেয়ে ধনী ব্যক্তি।



সূত্র: সিএনএন

নতুন সংস্করণের স্মার্টওয়াচ নিয়ে এল অ্যাপল!

গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে এক অনুষ্ঠানে অ্যাপল ওয়াচের দ্বিতীয় সংস্করণ উন্মুক্ত করেছেন অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক।
অ্যাপলের প্রধান পরিচালন কর্মকর্তা জেফ উইলিয়ামস বলেন, অ্যাপল ওয়াচ সিরিজ ২-এ থাকছে দ্রুতগতির প্রসেসর, অধিক উজ্জ্বল স্ক্রিন, ফিটনেস ট্র্যাকিংয়ের জন্য জিপিএস চিপ সুবিধা।
অনুষ্ঠানে অ্যাপল ওয়াচ ছাড়াও আইফোন ৭ ও ৭ প্লাসের ঘোষণা দিয়েছে অ্যাপল।
স্মার্টওয়াচের জন্য বিভিন্ন অ্যাপ্লিকেশন ছাড়াও পোকেমন গো খেলার সুবিধা দেওয়ার কথা জানিয়েছে অ্যাপল। ২০১৫ সালের এপ্রিলে প্রথম অ্যাপল ওয়াচ বাজারে ছাড়ে অ্যাপল। এবারে এল-এর দ্বিতীয় সংস্করণ। অ্যাপলের দাবি, নতুন স্মার্টওয়াচ হবে পানিরোধী। এর দাম হবে ৩৬৯ মার্কিন ডলার।

আবারো জুটি বাধতে পারেন শাহরুখ-ক্যাট!


শাহরুখ আর ঐশ্বরিয়া রাই প্রথম যে ছবি একসঙ্গে করেছিলেন, তাতে দুজনের চরিত্র ছিল ভাইবোনের! নায়িকা হিসেবে পাননি! তখন কথা উঠেছিল, হয়তো উচ্চতার কারণেই শাহরুখকে ঐশ্বরিয়ার নায়ক বানাতে কেউ উৎসাহ পাচ্ছে না। সে তো বহু আগের কথা। এখন পরিস্থিতি, বলিউডের গল্পের ধরনও এতটাই পাল্টেছে, শাহরুখের উচ্চতাকেই এবার ব্যবহার করা হচ্ছে আরেক লম্বু নায়িকা ক্যাটরিনা কাইফের সঙ্গে জুটি বানাতে। শুধু তা-ই নয়, এই ছবিতে স্বাভাবিকের চেয়েও কম উচ্চতায় দেখা যাবে কিং খানকে। বামন বা বেঁটে বলে পরিচিত এক চরিত্রে অভিনয় করবেন তিনি।

তানু ওয়েডস মানুর গল্প দিয়ে বিশেষভাবে নজরকাড়া পরিচালক আনন্দ এল রাই নতুন ছবি বানাচ্ছেন। এবারের গল্পটাও অসাধারণ হবে সন্দেহ নেই। এক বেঁটে মানুষের ভালোবাসার গল্প। এই ছবিতে শাহরুখ থাকছেন, তা আগেই জানা গিয়েছিল। শাহরুখের বিপরীতে কঙ্গনা রনৌত, দীপিকা পাড়ুকোন, পরিণীতি চোপড়া, সোনম কাপুর...অনেক নামই এসেছে। তবে ভেতরের খবর, আনন্দ নাকি ক্যাটরিনাকেই চাইছেন। এমনই পাকা খবর দিয়েছে মিরর।

বন্ধুয়া নামের এই ছবিতে শাহরুখকে স্বাভাবিক উচ্চতারও অনেক কম দেখানো হবে। ছবিটি বানাতে তাই অনেক স্পেশাল এফেক্ট থাকবে। কিছু কিছু দৃশ্যে শাহরুখকে ব্যবহার করতে হবে নকল পা। পরপর বেশ কটি ছবির গল্প দিয়ে ভক্তদের হতাশ করা শাহরুখ ভীষণ গুরুত্বের সঙ্গে নিয়েছে এবারের ছবিটি। এ কারণে পুরো এক বছর নাকি ব্যয় করতে চান এই ছবির পেছনে। ২০১৮ সালের আগে তাই মুক্তি পাবে না বন্ধুয়া।

মিরর।

টুইটার বিক্রি হয়ে যাচ্ছে—ইন্টারনেটে এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে!


টুইটারের পরিচালকেরা আজ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে টুইটারের ভাগ্য নির্ধারণে বসতে পারেন। গতকাল বুধবার প্রযুক্তি-বিষয়ক ওয়েবসাইট রিকোডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
কয়েক মাস ধরেই প্রযুক্তি বিশ্বে টুইটার বিক্রির গুঞ্জন উঠছে। টুইটারের সম্ভাব্য ক্রেতার তালিকায় অ্যাপল ও গুগলের মতো বড় প্রতিষ্ঠানের নাম এসেছে।
রিকোডের প্রতিবেদনে জানানো হয়, টুইটার কিনতে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর মধ্যে বড় বড় করপোরেট প্রতিষ্ঠানের নাম এসেছে। অ্যাপল-গুগল ছাড়াও মিডিয়া মুঘল রুপার্ট মারডক, ২১ ফার্স্ট সেঞ্চুরি ফক্স বা নিউজ করপোরেশনের নামও এ তালিকায় রয়েছে।
সম্প্রতি টুইটারের সহপ্রতিষ্ঠাতা ও বোর্ড সদস্যা ইভান উইলিয়ামস টুইটারের ভাগ্য প্রসঙ্গে বলেন, টুইটারের সঠিক সিদ্ধান্ত বিবেচনা করা উচিত। তাঁর মন্তব্যের পর টুইটারের শেয়ারের দাম ৬ শতাংশ বেড়ে যায়।
রিকোডের প্রতিবেদন অনুসারে টুইটারের দাম উঠতে পারে ১ হাজার ৮০০ কোটি মার্কিন ডলার।
এ বছরে জুন মাসের তথ্য অনুযায়ী, বর্তমানে টুইটারে ৩ হাজার ৮৬০ জন কর্মী রয়েছে।


তথ্য সূত্র: আইএএনএস।

বাংলাদেশ-চীন একপ্রাণ পদ্মাপারে!


পদ্মা সেতু প্রকল্পে বাংলাদেশি আর চীনা কর্মীরা মিলেমিশে কাজ করছেন। বাংলাদেশি কর্মীরা যেমন বাংলা কথা বলছেন, চীনারা বলে যাচ্ছেন তাঁদের নিজের ভাষা। কিন্তু পারস্পরিক সম্প্রীতি ও কাজের প্রতি একাগ্রতা এই ভাষার ব্যবধার দূর করেছে। দেখা যাচ্ছে, চীনা প্রকৌশলী বা কারিগর নিজ ভাষায় কিছু বললে বুঝে নিচ্ছেন বাংলাদেশিরা। আবার বাংলাদেশি কর্মীদের কথাও বুঝতে পারছেন চীনারা। কাজে কোনো অসুবিধা হচ্ছে না।
পদ্মা নদীর দুই পারে সেতু প্রকল্পে কর্মরত বাংলাদেশ ও চীনের নাগরিকদের সঙ্গে সম্প্রতি কথা হয়। তাঁরা জানান, প্রথম দিকে পরস্পরের ভাষা ও ভাব বুঝতে অসুবিধা হতো। এখন অনেকটাই সহজ হয়ে গেছে। বাংলাদেশিরা চীনা ভাষা বুঝতে পারছেন। টুকটাক বলছেনও। আর চীনারাও কম যাচ্ছেন না।
মো. হাসিব নামের এক বাংলাদেশি শ্রমিক বলেন, ‘আমাদের প্রয়োজনেই আমরা চীনা ভাষা কিছুটা শিখে ফেলেছি।’
শাকিল নামে আরেক শ্রমিক বলেন, চীনারা কাজ ছাড়া কিছু বোঝেন না। কাজের ক্ষেত্রে কিছু না বুঝলে দোভাষীরা তো আছেনই।
বাংলাদেশি শ্রমিকদের সঙ্গে আলাপকালে দারুণ উৎসাহে তাঁরা চীনা ভাষায় নিজ নিজ কারিশমা দেখান।
এক শ্রমিকের ভাষ্য, তার কাটার বা জোড়া দেওয়ার প্লাসকে চীনারা ‘সেনজে’ বলেন। এই শব্দের সঙ্গে এখন বাংলাদেশিরা খুবই পরিচিত।
চীনাদের কাছ থেকে শিখে খেতে যাওয়ার সময় বাংলাদেশি শ্রমিকেরা হরহামেশা বলেন, ‘সো ফান’। চীনারা বুঝে যান, শ্রমিকদের খেতে যাওয়ার সময় হয়েছে।
শাকিল জানালেন, আগামীকাল কোনো নতুন কাজ করতে হলে চীনারা বলেন ‘মিন ফেন’। বাংলাদেশি শ্রমিকেরা মুহূর্তেই এই শব্দের অর্থ বুঝে নেন।
পদ্মা সেতু প্রকল্পের মাওয়া ঘাটে কনস্ট্রাকশন ইয়ার্ডে দোভাষীর কাজ করেন এস এম মনির হোসেন। মধ্যবয়সী মনির চীনা ভাষায় বেশ পটু। তিনি বলেন, চীনা ভাষার সঙ্গে বাংলার কোনো মিল নেই। তবে একটু চেষ্টা করলে অল্প সময়ে এই ভাষায় কথা বলা সম্ভব।
চীনা ভাষা বেশ মজার উল্লেখ করে মনির জানালেন, ‘কোকা-কোলা’ একটি কোমল পানীয়। ‘কোকা’ বাদ দিয়ে চীনারা ‘কোলা কোলা’ বললে তার অর্থ হয় ‘বড় ভাই’। বাংলাদেশে মুরগিকে অনেকে ‘তিতি’ বলে। চীনা ভাষায় ‘তিতি’ মানে ‘ছোট ভাই’। চীনা ‘সাম পান’ মানে ‘কাজ কর’।
পদ্মার শরীয়তপুরের জাজিরা পয়েন্টে চীনা প্রকৌশলী ছেন মিংঝির সঙ্গে দেখা। অল্প বয়সী এই মানুষটি বেশ চটপটে। কাজের সময় গম্ভীর থাকেন। অবসর পেলে একেবারে বদলে যান। হাসিমুখে গল্প করেন।
ছেন মিংঝি জানালেন, বাংলাদেশিদের সঙ্গে কাজ করতে গিয়ে তাঁদের ভাব-ভাষা কিছুটা হলেও রপ্ত করেছেন তিনি। বাংলা মোটামুটি বুঝতে পারেন। কিছু কিছু বলতেও পারেন।

অভিভাবকহীন অবস্থায় কেন লোকাল বাসে পাঠাল বাফুফে?

এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবলের গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হওয়ার পরপরই বিড়ম্বনা আর বিব্রতকর অবস্থায় পড়ল মেয়েরা। দলের নয় খেলোয়াড় ঢাকা থেকে ময়মনসিংহের ধোবাউড়ায় ফেরার পথে বাসের সহযাত্রীদের মুখে শুনেছে নানা বাজে কথা।
ঘটনা হলো, ঢাকা থেকে একটি লোকাল বাসে গত পরশু ময়মনসিংহের কলসিন্দুরের নয় কিশোরী ফুটবলার বাসে ওঠে। পথে খেলোয়াড়দের একজন নাজমা বাস থেকে নামে। নাজমার মামা রাস্তায় তার জন্য অপেক্ষা করছিলেন কিছু একটা দেওয়ার জন্য। এ জন্য বেশ কিছু সময় অপেক্ষা করতে হওয়ায় যাত্রীদের একটি অংশ ক্ষুব্ধ হয়ে আজেবাজে কথা বলেছে বলে অভিযোগ করেছে মেয়েরা।
কিন্তু এশিয়ান সেরা আটে উঠেও এই কিশোরীদের অভিভাবকহীন অবস্থায় কেন লোকাল বাসে পাঠাল বাফুফে? মেয়েদের সঙ্গে বাফুফের কোনো প্রতিনিধিও ছিলেন না! তবে বাফুফের দাবি, মেয়েরা সব সময় এভাবেই ময়মনসিংহে যাওয়া-আসা করে। আগে সব সময় ট্রেনে পাঠানো হলেও এবার ট্রেনের টিকিট না পেয়ে মাইক্রোবাস ভাড়া করে তাদের পাঠাতে চেয়েছিল ফেডারেশন। কিন্তু মেয়েরা নাকি বাসেই যেতে চেয়েছে।
নয় খেলোয়াড়ের একজন সানজিদাও গত রাতে প্রথম আলোকে ফোনে বলেছে, ফেডারেশন মাইক্রোবাস দিতে চাইলেও তারা নেয়নি, ‘ফেডারেশন আমাদের মাইক্রোবাস দিতে চেয়েছিল। কিন্তু শুনেছি, আমাদের এখান থেকে বলা হয়েছিল কেউ এখান থেকে ঢাকা গিয়ে আমাদের নিয়ে আসবে। কিন্তু সেটা হয়নি। তাই আমরা বাসে চলে আসি। বাসে আমাদের কিছু ছেলে বাজে কথা বলেছে।’

সূত্রঃ প্রথম আলো

পবিত্র হজ পালনে সৌদি আরবের মক্কা নগরীতে হাজির হয়েছেন এক লাখের বেশি বাংলাদেশি।



পবিত্র হজ পালনে মক্কায় এক লাখের বেশি বাংলাদেশি।
 এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ১৮৩ জন এবং অন্য হাজিরা বেসরকারি ৪৮৩টি হজ এজেন্সির মাধ্যমে এসেছেন।

সৌদি সরকার এবার বৈধ হজযাত্রীদের নিরাপদ ও ভিড়মুক্ত রাখতে ব্যবস্থা নিয়েছে। হজ পালনের অনুমতি নেই, এমন কাউকে মক্কায় ঢুকতে দিচ্ছে না। আগে সৌদি আরবে অবস্থানরত কয়েক লাখ বিদেশি বিনা অনুমতিতে হজ পালন করতেন বলে প্রচণ্ড ভিড়ের কারণে নিরাপত্তাবলয় ভেঙে পড়ত।

মক্কার পুলিশপ্রধান সাইয়্যেদ বিন সালেম আল কারনি বলেছেন, হজে অবৈধ প্রবেশ ঠেকাতে মক্কার চারপাশে ১০৯টি চেকপয়েন্ট বসানো হয়েছে। হজ পালনের বৈধ অনুমতিপত্র না থাকায় হজ পালন করতে চাওয়া ১ লাখ ৮৮ হাজার ৭৪৭ ব্যক্তিকে মক্কায় ঢুকতে দেওয়া হয়নি। এ ছাড়া হজের সময় মক্কায় প্রবেশের অনুমতিপত্র না থাকায় ৮৫ হাজার ৯৬৫টি গাড়িও ঢুকতে দেওয়া হয়নি। গোয়েন্দা বিভাগের কর্মীরা সক্রিয় রয়েছেন।

মিনায় শয়তানকে কঙ্কর নিক্ষেপের সময় জামারায় মানুষের প্রচণ্ড ভিড় হয়। গত বছর হজের সময় অনেকে হতাহতও হন। ফলে এবার সৌদি হজ ব্যবস্থাপনা কমিটি বিভিন্ন দেশের হজ বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে বিশৃঙ্খলা এড়াতে এবং ভিড় কমাতে কঙ্কর নিক্ষেপের সময়সূচি নির্ধারণ করে দিয়েছে। জিলহজ মাসের ১০ তারিখ সকাল ১০টা থেকে কঙ্কর নিক্ষেপ শুরু হবে। কঙ্কর নিক্ষেপের দ্বিতীয় দিনে ১১ জিলহজ স্থানীয় সময় বেলা দুইটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কঙ্কর নিক্ষেপ বন্ধ থাকবে। এ সময়ের বাইরে নিরাপদ সময়ে ভিড় ও বিশৃঙ্খলা এড়িয়ে কঙ্কর নিক্ষেপ করতে হবে।
কঙ্কর নিক্ষেপের তৃতীয় দিন ১২ জিলহজ স্থানীয় সময় সকাল সাড়ে ১০টা থেকে বেলা দুইটা পর্যন্ত কঙ্কর নিক্ষেপ বন্ধ থাকবে। ওই সময় ছাড়া বাকি সময়ে কঙ্কর নিক্ষেপ করবেন হাজিরা।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শহিদুজ্জামান বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালিত ১৪৪টি ও সৌদি এয়ারলাইনস পরিচালিত ১৫৫টিসহ মোট ২৯৯টি ফ্লাইটে প্রায় এক লাখ হজযাত্রী পরিবহন করা হয়। তাঁদের মধ্যে হাসপাতালে ভর্তি হন ১৭ জন। এ পর্যন্ত হজযাত্রীদের ৩৫৬টি লাগেজ হারিয়ে যায়। এর মধ্যে ১৬৭টি লাগেজ খুঁজে পাওয়া গেছে এবং ১৩৭টি ফেরত দেওয়া হয়েছে। এ পর্যন্ত ৩০ জন বাংলাদেশি হজযাত্রী ইন্তেকাল করেছেন।

আগামী রোববার ১১ সেপ্টেম্বর পবিত্র হজ পালিত হবে। গত ৪ আগস্ট থেকে হজ ফ্লাইট শুরু হয়। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট ১৭ সেপ্টেম্বর শুরু হয়ে চলবে ১৭ অক্টোবর পর্যন্ত।

নতুন নকশা আর নতুন দুটি রঙে সেপ্টেম্বর থেকে বাজারে আসছে নতুন দুই আইফোন!


যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোয় গতকাল বুধবার আইফোন ৭ ও ৭ প্লাস বাজারে নিয়ে আসার ঘোষণা দিল অ্যাপল। নতুন আইফোন সম্পর্কে অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক বলেন, ‘আমরা এখন পর্যন্ত যত আইফোন তৈরি করেছি, এর মধ্যে এটিই সেরা।’

নতুন নকশা আর নতুন দুটি রঙে সেপ্টেম্বর থেকে বাজারে আসছে নতুন দুই আইফোন। নতুন নকশার হোম বাটন ছাড়াও প্রথমবারের মতো আইফোনে যুক্ত হচ্ছে ধুলা ও পানি প্রতিরোধী প্রযুক্তি।

নতুন আইফোনের ১০টি নতুন ফিচারের কথা বলেছেন অ্যাপলের বিপণন বিভাগের প্রধান ফিল শিলার। তিনি বলেন, আইফোনের নকশায় কিছুটা পরিবর্তন এসেছে। গোল্ড, সিলভার, রোজ গোল্ড রং ছাড়াও জেট ব্ল্যাক ও ব্ল্যাক রঙে পাওয়া যাবে আইফোন ৭। এর হোম বাটন হয়েছে ফোর্স সেনসিটিভিটি। এতে নতুন প্রজন্মের ট্যাপটিক ইঞ্জিন বসেছে। নোটিফিকেশন, মেসেজের জন্য নতুন ফিডব্যাক সিস্টেম এসেছে। এটি এখন আইপি ৬৭ মান, অর্থাৎ ধুলা ও পানি প্রতিরোধী। আইফোন ৭-এ থাকছে একটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (ওআইএস) যুক্ত একটি ক্যামেরা আর ৭ প্লাসে থাকছে দুটি ক্যামেরা। ফোনের অ্যাপারচার হবে ১ দশমিক ৮। ক্যামেরার জন্য নিজস্ব ইমেজ-সিগনাল প্রসেসর তৈরি করেছে অ্যাপল।

এটি ৩০ শতাংশ অধিক কার্যকর ও ৬০ শতাংশ দ্রুতগতির। এতে কম আলোতে উন্নত ছবি উঠবে। আইফোনের সামনে ৭ মেগাপিক্সেলের ফেসটাইম এইচডি ও পেছনে ১২ মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে। দুটি ১২ মেগাপিক্সেলের ক্যামেরার মধ্যে একটি ওয়াইড অ্যাঙ্গেল ও অন্যটি ৫৬ মিলিমিটার টেলিফটো লেন্স।

আইফোন ৭-এ রেটিনা এইচডি ডিসপ্লে যুক্ত হয়েছে। এতে আইফোন ৬ এস ও ৬ এস প্লাসের চেয়ে ডিসপ্লে ২৫ শতাংশ উজ্জ্বল দেখাবে। দুটি মডেলেই যুক্ত হচ্ছে স্টেরিও স্পিকার। একটি ওপরে ও একটি ফোনের নিচের অংশে। হেডফোন জ্যাকের পরিবর্তে আইফোনে এসেছে এয়ারপড।

একবার চার্জ দিলে ব্যাটারি টানা পাঁচ ঘণ্টা চলবে আইফোন ৭। পারফরম্যান্সের দিক থেকে এটি অন্য সব মডেলের আইফোনকে পেছনে ফেলবে। এতে থাকছে এ১০ ফিউশন প্রসেসর, যাতে চার কোর প্রসেসর ও ৩ দশমিক ৩ বিলিয়ন ট্রানজিস্টর থাকবে। আইফোন ৬ এসে ব্যবহৃত এ ৯ চিপের চেয়ে গ্রাফিকস ৫০ শতাংশ দ্রুত কাজ করবে।

৩২ জিবির আইফোন ৭ বিক্রি হবে ৬৪৯ মার্কিন ডলারে। ১২৮ জিবি ও ২৫৬ জিবি মডেলের আইফোনও বাজারে আসবে। ৩২ জিবির আইফোন ৭ প্লাসের দাম হবে ৭৬৯ মার্কিন ডলার। সেপ্টেম্বর মাস থেকেই আগাম ফরমাশ নেওয়া শুরু করবে অ্যাপল। ১৬ সেপ্টেম্বর থেকে বিক্রি হবে নতুন আইফোন।

১৩ সেপ্টেম্বর আইওএস ১০ সফটওয়্যার উন্মুক্ত করবে অ্যাপল।

আত্মপ্রকাশেই মন জয় করল রণবীরের নতুন ছবির গান!



টিজারে মনে হয়েছিল পরিচালক করণ জোহরের আগামী ছবি “অ্যায় দিল হ্যায় মুশকিল” মনে হয় এক তরফা সম্পর্কের কোনও গল্প৷ যেখানে সম্পর্কের জটিলতার বাইরে গিয়েও মানুষকে গ্রাস করে একাকীত্ব৷ যেখানে সম্পর্কের শেষেও থেকে যায় এক তরফা ভালবাসা৷
কিন্তু সদ্য মুক্তি পেল “অ্যায় দিল হ্যায় মুশকিল”-এর প্রথম গান৷ প্রীতমের সুরে অরিজিৎ সিংয়ের গাওয়া এই গানটির মধ্যে সুর এবং রোম্যান্সের মিশেল যেমন আছে ঠিক তেমনভাবেই গানটির দৃশ্যায়ন মনে করিয়ে দিল করণ জোহরের পরিচালিত ছবি “কভি আলবিদা না কহেনা”-র গল্প৷ সেই সম্পর্কের টানাপোড়েন, সেই সম্পর্কের বাইরে গিয়ে পরকীয়ায় জড়িয়ে গিয়ে হৃদয় ভাঙার গল্প৷ যদিও “কভি আলবিদা না কহেনা” ছবিতে শেষটায় ভালবাসা সবরকম জটিলতাকে হারিয়ে জিতে গিয়েছিল৷
কিন্তু রণবীর, ঐশ্বর্য, অনুষ্কা এবং ফাওয়াদ খান অভিনীত এই ছবির প্রথম গানটি শেষ অবধি সেই একাকীত্বের সুর মনে রেখেই শেষ হয়৷
তবে কি করণের নতুন ছবিতে ভালবাসা পরিণতি পাবে না?
শুনে নিন সেই গান:

পাকিস্তানে অনুষ্ঠেয় আসন্ন সার্ক শীর্ষ সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা!

সময়োপযোগী সিদ্ধান্ত: পাকিস্তানে সার্ক শীর্ষ সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী।

 আগামী ৮ থেকে ১১ নভেম্বর ইসলামাবাদে ১৯তম সার্ক শীর্ষ সম্মেলনের আয়োজন করছে পাকিস্তান।

উচ্চপর্যায়ের সূত্র জানায়, পাকিস্তানের এবারের সার্ক সম্মেলনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী। যদিও কয়েক মাস আগে প্রধানমন্ত্রীর অংশগ্রহণের ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়কে সবুজ সংকেত দেয়া হয়। এরপর থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় সব ধরনের প্রস্তুতি শুরু করে। নিয়মানুযায়ী সার্কের সদস্য দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মতির ভিত্তিতেই সার্ক শীর্ষ সম্মেলনের দিন তারিখ নির্ধারিত হয়ে থাকে।
সূত্র জানায়, বাংলাদেশে চলমান মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া ও কয়েকজন অপরাধীর ফাঁসির দণ্ড কার্যকর হবার পর পাকিস্তানের অযাচিত প্রতিক্রিয়া আর হস্তক্ষেপের জন্যই প্রধানমন্ত্রী সার্ক সম্মেলনে না যাবার সিদ্ধান্ত নিয়েছেন। যুদ্ধাপরাধের বিচার ইস্যুতে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বার বার হস্তক্ষেপ করছে পাকিস্তান। বাংলাদেশ এর প্রতিবাদ জানানোর পরও পাকিস্তান অবস্থান বদলায়নি। এ অবস্থায় দুই দেশের মধ্যে সম্পর্কের কোনো দৃশ্যত অগ্রগতি হয়নি।
প্রসঙ্গত, মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া শুরুর পর গত পাঁচ বছর ধরে ঢাকা ও ইসলামাবাদের মধ্যে কূটনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক শীতল পর্যায়ে রয়েছে। মন্ত্রী বা ঊর্ধ্বতন কর্মকর্তা পর্যায়ে কোনো সফর বিনিময় হয়নি। সম্প্রতি ইসলামাবাদে অনুষ্ঠিত সার্ক স্বরাষ্ট্রমন্ত্রী ও অর্থমন্ত্রীদের বৈঠকে বাংলাদেশের সংশ্লিষ্ট মন্ত্রীগণ যাননি। স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে হাইকমিশনার ও অর্থমন্ত্রীদের বৈঠকে অর্থ প্রতিমন্ত্রী বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। সর্বশেষ দীর্ঘ ছয় বছর পর কয়েকবার পিছিয়ে গত ১ সেপ্টেম্বর ঢাকায় দুই দেশের পররাষ্ট্র সচিবদের বৈঠকের দিন নির্ধারিত হয়। ২৪ ঘন্টা আগে পাকিস্তানের পররাষ্ট্র সচিব তার ঢাকা সফর বাতিল করেন।
এছাড়া সর্বশেষ মীর কাসেম আলী, এর আগে মতিউর রহমান নিজামী, আলী আহসান মো. মুজাহিদ, সালাহউদ্দিন কাদের চৌধুরী, কামারুজ্জামান, কাদের মোল্লার মত যুদ্ধাপরাধীদের ফাঁসির দণ্ড কার্যকর হবার পর প্রতিক্রিয়া দেখায় পাকিস্তান। এ নিয়ে ঢাকা ও ইসলামাবাদে দফায় দফায় তলব ও পাল্টা তলব চলে। ঢাকায় পাকিস্তান হাইকমিশনের একাধিক কর্মকর্তা নানা অপরাধে জড়িয়ে হাতে-নাতে ধরা পড়েন। সরকার আইনি ও কূটনীতিক পদক্ষেপ নেয়। পাল্টা হিসেবে ইসলামাবাদে একাধিক বাংলাদেশি কূটনীতিককে নিরাপত্তা হুমকিসহ নানা হয়রানির শিকার হতে হয়। এই প্রেক্ষাপটে পাকিস্তান বরাবরই বৈরি ও অসহযোগিতামূলক আচরণ করে আসছে।
এমন প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী পাকিস্তানে না যাবার সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্ত সহসাই আনুষ্ঠানিকভাবে জানানো হবে। সার্ক সম্মেলনে রাষ্ট্রপতি আবদুল হামিদ বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারেন বলে উচ্চ পর্যায়ের সূত্রটি জানায়। তবে সার্ক সম্মেলনের এখনো দুই মাস সময় আছে। এর আগেই সিদ্ধান্ত হবে বলে সূত্রটি জানায়।

‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’- এ স্লোগানে হতদরিদ্র মানুষের জন্য খাদ্যবান্ধব কর্মসূচির উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা !


আজ বুধবার কুড়িগ্রামের চিলমারী থানাহাট এ ইউ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন পর্যায়ে দরিদ্র পরিবারের জন্য ‘খাদ্যবান্ধব কর্মসূচি’ উদ্বোধনের পর সমাবেশে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুদ্ধপারাধীর বিচার হচ্ছে। বাংলাদেশ অভিশাপমুক্ত হচ্ছে।তিনি বলেন, দারিদ্র বিমোচনে সরকার কাজ করছে। বাংলাদেশের মানুষ আর না খেয়ে থাকবে না, রোগে ভুগে মানুষ মারা যাবে না।
‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’- এ স্লোগানে হতদরিদ্র মানুষের জন্য খাদ্যবান্ধব কর্মসূচির উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।

 মার্চ, এপ্রিল, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর- এই পাঁচ মাস হতদরিদ্র ৫০ লাখ পরিবার ১০ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল পাবেন। বিধবা ও প্রতিবন্ধী নারীদের এ ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হবে। এ জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে গঠিত একটি কমিটি হতদরিদ্র পরিবারের সংখ্যা ঠিক করে তাদের কার্ড দেবে। কমিটিতে জনপ্রতিনিধিরাও আছেন।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট এর সৃষ্টি হয়েছে আজ!



ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইল অংশের প্রায় ৬২ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
বুধবার সকাল থেকে এ সব মহাসড়কে গাড়ির চাপ বাড়তে থাকে। পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক যানবাহনের চাপ বেড়েছে।
টাঙ্গাইলের ট্রাফিক সার্জেন্ট ইফতেখাইরুল বলেন, ‘মহাসড়কে কোরবানির গরুবাহী ট্রাকের সংখ্যা অনেক বেড়ে গেছে। তার ওপর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।’
এদিকে দুটি ট্রাক বিকল হওয়ায় ঢাকা-টাঙ্গাইল মহসড়কের কালিয়াকৈরের চন্দ্রা ত্রিমোড় এলাকায় প্রায় ২৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এতে হাজার হাজার যাত্রী চরম দুর্ভোগে পড়েন।
সালনা-কোনাবাড়ি হাইওয়ে হাইওয়ে থানার ওসি হোসেন সরকার জানান, ভোরে কালিয়াকৈর রেল ওভারব্রিজ এলাকায় দুটি ট্রাক বিকল হওয়ায় যানজটের সৃষ্টি হয়। সকালে ট্রাক দুটি সরিয়ে নিয়ে যান চলাচল শুরু হয়। তবে যানবাহন খুব ধীর গতিতে চলছে।

 
Copyright © 2014 VIGOROUS MEDIA. Designed by NaYeM | Distributed By Gooyaabi Templates